অল্প কথায়
- মলদ্বারে বা পায়ুপথে ব্যথার সবচেয়ে সাধারণ কারণ এনাল ফিশার, পাইলস, ফোড়া আর কোষ্ঠকাঠিন্য। বেশির ভাগ কারণ ছোট এবং চিকিৎসায় সারে।
- ব্যথা কখন হয়, কেমন লাগে আর কতক্ষণ থাকে, এই তিনটা খেয়াল করলে কারণের একটা আন্দাজ পাওয়া যায়। তবে নিশ্চিত হতে ডাক্তারের পরীক্ষা লাগে।
- ঘরে যা করা যায়: মল নরম রাখা, কুসুম গরম পানিতে বসা, প্রয়োজনে প্যারাসিটামল।
- ব্যথার সাথে জ্বর, মলদ্বারের পাশে ফোলা বা পুঁজ, কিংবা বেশি রক্ত গেলে দেরি করবেন না।
মলদ্বারে ব্যথা কেন হয়?
মলদ্বার আর পায়ুপথের চামড়া শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি। তাই ছোট একটা ফাটল বা ফোলাও অনেক ব্যথা দিতে পারে। অনেকে একে “পায়খানার রাস্তায় ব্যথা” বলেন। চিকিৎসাবিজ্ঞানে মলদ্বার ও তার আশপাশের ব্যথাকে বলে প্রক্টালজিয়া (proctalgia)।
ভালো খবর হলো, মলদ্বারে ব্যথা প্রায়ই একটা ছোট, চিকিৎসাযোগ্য সমস্যার ফল। মলদ্বার বা মলাশয়ের নিচের অংশের ক্যান্সারেও কাছাকাছি লক্ষণ হতে পারে, তবে সেটা অনেক কম দেখা যায়।
এই লেখা একটা লক্ষণ-গাইড: আপনার ব্যথার ধরন থেকে কোন কারণগুলো বেশি সম্ভব, আর প্রতিটা রোগ নিয়ে বিস্তারিত কোথায় পড়বেন। কোনো রোগের পুরো চিকিৎসা এখানে নেই, সেটা প্রতিটা রোগের নিজের পাতায় আছে।
ব্যথার ধরন দেখে সম্ভাব্য কারণ
নিচের টেবিলে নিজের ব্যথার সাথে সবচেয়ে বেশি মেলে এমন সারিটা খুঁজুন।
| ব্যথা কেমন | সাথে আর কী থাকতে পারে | সম্ভাব্য কারণ | বিস্তারিত পড়ুন |
|---|---|---|---|
| পায়খানার সময় কেটে যাওয়ার মতো তীক্ষ্ণ ব্যথা, পরে কয়েক ঘণ্টা জ্বালা | টিস্যুতে অল্প তাজা লাল রক্ত | এনাল ফিশার (পায়ুপথে ঘা বা ফাটল) | ফিশারের চিকিৎসা |
| হঠাৎ মলদ্বারের মুখে শক্ত, খুব ব্যথার গুটি | বসতে কষ্ট; গুটি বেগুনি বা নীলচে দেখাতে পারে | রক্ত জমাট বাঁধা বাইরের পাইলস | পাইলসের চিকিৎসা |
| হালকা ব্যথা বা অস্বস্তি, অনেক সময় ব্যথাই থাকে না | পায়খানার পর উজ্জ্বল লাল রক্ত, চুলকানি, গুটি বা আম | পাইলস (অর্শ, গেজ) | পাইলসের চিকিৎসা |
| একটানা দপদপে ব্যথা; বসলে, হাঁটলে, পায়খানায় বা কাশলে বাড়ে | ফোলা, লাল ভাব, জ্বর, পুঁজ বা দুর্গন্ধযুক্ত রস | মলদ্বারের ফোড়া (অ্যাবসেস) বা ফিস্টুলা (ভগন্দর) | ফোড়া ও ফিস্টুলা |
| ভেতরে ব্যথা, বারবার পায়খানার বেগ কিন্তু ঠিকমতো হয় না | রক্ত বা আম (মিউকাস) যাওয়া | প্রোকটাইটিস (মলাশয়ের প্রদাহ) | প্রোকটাইটিস |
| হঠাৎ ভেতরে খিঁচুনির মতো তীব্র ব্যথা; কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট, তারপর পুরো ভালো | রাতেও হতে পারে; দুই ব্যথার মাঝে কোনো সমস্যা নেই | প্রক্টালজিয়া ফিউগ্যাক্স (পেশির হঠাৎ খিঁচুনি) | প্রক্টালজিয়া ফিউগ্যাক্স |
| ভেতরে ভোঁতা ব্যথা বা চাপ; অনেকক্ষণ বসলে বাড়ে, দাঁড়ালে বা শুলে কমে; ঘণ্টার পর ঘণ্টা থাকে | সাধারণত রাতে হয় না; সকালে শুরু হয়ে দিনে বাড়ে | লেভেটর এনাই সিনড্রোম (মলদ্বারের চারপাশের পেশির টান) | ডাক্তারের পরীক্ষা দরকার |
| শক্ত পায়খানার সময় ব্যথা, জোরে চাপ দিতে হয় | কম পায়খানা হওয়া, পেট পুরো খালি না হওয়ার অনুভূতি | কোষ্ঠকাঠিন্য | কোষ্ঠকাঠিন্য |
| ব্যথার চেয়ে চুলকানি আর জ্বালা বেশি | চামড়া লাল বা ভেজা ভাব | মলদ্বারে চুলকানি, ছত্রাক বা অন্য সংক্রমণ | মলদ্বারে চুলকানি |
| মলদ্বারে নয়, নিতম্বের খাঁজের ওপরের দিকে ফোলা ও ব্যথা | পুঁজ বা রক্ত বের হওয়া; বসতে কষ্ট | পাইলোনিডাল সাইনাস | পাইলোনিডাল সাইনাস |
| লেজের হাড়ে ব্যথা; বসলে বা হাড়ে চাপ লাগলে বাড়ে | আগে আঘাত বা প্রসব | কক্সিডাইনিয়া (লেজের হাড়ের ব্যথা) | ডাক্তারের পরীক্ষা দরকার |
মনে রাখবেন: টেবিলটা শুধু আন্দাজের জন্য। একই লক্ষণ একাধিক রোগে হতে পারে, আর একজনের একসাথে দুটো সমস্যাও থাকতে পারে (যেমন পাইলস আর ফিশার)। শুধু লক্ষণ দেখে নিজে রোগ ঠিক করে মলম লাগানো শুরু করবেন না।
পায়খানার সময় ব্যথা, নাকি সারাক্ষণ?
ব্যথা কখন হয়, সেটাই সবচেয়ে বড় সূত্র।
- শুধু পায়খানার সময় বা ঠিক পরে: সাধারণত ফিশার, পাইলস বা কোষ্ঠকাঠিন্য। এর সাথে রক্ত গেলে আমাদের পায়খানার সময় ব্যথা ও রক্তপাত লেখাটা দেখুন।
- সারাক্ষণ, আর দিন দিন বাড়ছে: বিশেষ করে সাথে ফোলা বা জ্বর থাকলে ফোড়ার কথা আগে ভাবতে হয়। হঠাৎ শক্ত, ব্যথার গুটি হলে রক্ত জমাট বাঁধা পাইলস হতে পারে। দুটোতেই দ্রুত ডাক্তার দেখানো দরকার।
- আসে-যায়, পায়খানার সাথে সম্পর্ক নেই: প্রক্টালজিয়া ফিউগ্যাক্স, লেভেটর এনাই সিনড্রোম বা লেজের হাড়ের ব্যথা হতে পারে। তবে এই নামগুলো ডাক্তার দেন তখনই, যখন পরীক্ষা করে ফিশার, ফোড়া বা অন্য কোনো কারণ পাওয়া যায় না।
হঠাৎ তীব্র ব্যথা হলে কী ভাববেন?
হঠাৎ পায়ুপথে তীব্র ব্যথার দুটো আলাদা ছবি আছে।
১. ব্যথা আসে আর নিজে নিজে চলে যায়। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট খিঁচুনির মতো ব্যথা, তারপর পুরো স্বাভাবিক। এটা প্রায়ই প্রক্টালজিয়া ফিউগ্যাক্স, মলদ্বারের পেশির হঠাৎ খিঁচুনি, অনেকটা পায়ের মাংসপেশিতে টান ধরার মতো। এটা ক্ষতিকর নয়। কেন হয় আর কী করলে আরাম পাবেন, তা প্রোকটাইটিস ও মলদ্বারে ব্যথার পাতায় লেখা আছে।
২. ব্যথা শুরু হয়ে আর কমে না। সাথে মলদ্বারের মুখে গুটি বা পাশে ফোলা থাকলে এটা রক্ত জমাট বাঁধা পাইলস বা ফোড়া হতে পারে। এগুলো ঘরে বসে সারানোর জিনিস নয়, সেদিনই ডাক্তার দেখান।
মলদ্বারে ব্যথা হলে করণীয়: ঘরে যা করতে পারেন
ব্যথা হালকা হলে আর জরুরি কোনো লক্ষণ না থাকলে প্রথম কয়েক দিন এগুলো করে দেখতে পারেন:
- মল নরম রাখুন: বেশি করে পানি পান করুন আর খাবারে আঁশ বাড়ান (শাকসবজি, ফল, ডাল, লাল আটা)।
- কুসুম গরম পানিতে বসুন (সিটজ বাথ): একটা গামলায় কুসুম গরম পানি নিয়ে প্রায় ২০ মিনিট বসুন, দিনে কয়েকবার।
- ফোলা থাকলে ঠান্ডা সেঁক: বরফ তোয়ালেতে মুড়িয়ে ব্যথার জায়গায় ২০ মিনিট পর্যন্ত, ২-৩ ঘণ্টা পরপর। বরফ সরাসরি চামড়ায় লাগাবেন না।
- আলতো করে পরিষ্কার: পানি বা ভেজা নরম টিস্যু ব্যবহার করুন। সুগন্ধি সাবান বা শাওয়ার জেল লাগাবেন না, ঘষবেন না, চুলকাবেন না।
- টয়লেটের অভ্যাস: পায়খানার বেগ চেপে রাখবেন না, আবার জোরে চাপও দেবেন না।
- কিছুদিন এড়িয়ে চলুন: ঝাল খাবার, চা-কফির মতো ক্যাফেইন, অ্যালকোহল, আর ভারী জিনিস তোলা।
- ব্যথার ওষুধ: প্যারাসিটামল খাওয়া যায়। মলদ্বার থেকে রক্ত গেলে আইবুপ্রোফেন খাবেন না।
- মলম: ব্যথা অবশ করার (লিডোকেইন জাতীয়) বা হাইড্রোকর্টিসোন জাতীয় মলম পাওয়া যায়। কিন্তু কারণ না জেনে দিনের পর দিন নিজে নিজে মলম লাগাবেন না। ফিশারের চিকিৎসার মলম আলাদা, সেটা ডাক্তার ঠিক করেন।
- কোষ্ঠকাঠিন্য থাকলে: মল নরম করার ওষুধ (ল্যাক্সেটিভ) কাজে আসতে পারে। কোনটা আপনার জন্য ঠিক, তা ডাক্তার বা ফার্মাসিস্টের কাছ থেকে জেনে নিন।
কয়েক দিনের মধ্যে ব্যথা না কমলে বা বাড়তে থাকলে আর অপেক্ষা করবেন না।
জরুরি: দেরি না করে আজই হাসপাতালে বা ডাক্তারের কাছে যান যদি
- মলদ্বার থেকে রক্ত বন্ধ না হয়, বা অনেক রক্ত যায় (কমোডের পানি লাল হয়ে যায়, বড় জমাট রক্ত দেখা যায়): সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে যান।
- তীব্র ব্যথার সাথে জ্বর আসে, বা শরীর গরম-ঠান্ডা লাগে, কাঁপুনি হয়।
- পায়খানা কালো বা খুব গাঢ় লাল হয়।
- মলদ্বারের পাশে ফোলা, লাল ভাব, খুব ব্যথা বা পুঁজ দেখা দেয়।
- ব্যথায় ঘুম ভেঙে যায় বা দৈনন্দিন কাজ করা যায় না, আর ব্যথার ওষুধে কমে না।
- পায়খানা একদমই হচ্ছে না, ল্যাক্সেটিভেও কাজ হচ্ছে না।
কখন ডাক্তার দেখাবেন?
জরুরি না হলেও ডাক্তার দেখানো উচিত যদি:
- ব্যথা তীব্র হয়;
- কয়েক দিনেও ব্যথা না কমে, বা ঘরোয়া যত্নে কাজ না হয়;
- পায়খানার সাথে রক্ত যায়;
- ব্যথা বারবার ফিরে আসে;
- ব্যথার সাথে পায়খানার অভ্যাস বদলে যায় (নতুন করে পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য), চেষ্টা ছাড়াই ওজন কমে, বা পেটে ব্যথা থাকে।
শেষ লক্ষণগুলো বেশির ভাগ সময় অন্য সাধারণ কারণেই হয়। তবু এগুলো থাকলে পরীক্ষা করে ক্যান্সারের সম্ভাবনা বাদ দেওয়া জরুরি। বিস্তারিত: কোলন ও মলাশয়ের ক্যান্সার।
মলদ্বারে ব্যথা হলে কোন ডাক্তার দেখাবেন?
মলদ্বার, পায়ুপথ আর মলাশয়ের রোগের বিশেষজ্ঞ হলেন কলোরেক্টাল সার্জন। প্রথম দেখায় ডাক্তার সাধারণত:
- ব্যথা কখন, কেমন আর কতক্ষণ, তা জিজ্ঞেস করেন;
- মলদ্বারের বাইরেটা দেখেন, প্রয়োজনে গ্লাভস পরে আঙুল দিয়ে পরীক্ষা করেন;
- প্রয়োজনে প্রক্টোস্কোপ (ছোট নল) দিয়ে ভেতরটা দেখেন;
- কারণ স্পষ্ট না হলে, বা লুকানো ফোড়া বা ফিস্টুলার সন্দেহ থাকলে, এমআরআই-এর মতো পরীক্ষা দিতে পারেন।
পরীক্ষায় একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু সঠিক কারণ খুঁজে বের করার এটাই নিরাপদ উপায়। মহিলা রোগীর পরীক্ষার সময় সবসময় একজন মহিলা অ্যাটেনড্যান্ট থাকেন, আর গোপনীয়তা ও সম্মান বজায় রেখে পরীক্ষা করা হয়।
ঢাকায় কলোরেক্টাল সার্জন ডা. মুহাম্মদ নজরুল ইসলাম মলদ্বারে ব্যথার এই সব কারণের প্রচলিত চিকিৎসা করেন: ফিশার, পাইলস, ফোড়া ও ফিস্টুলা, প্রোকটাইটিস, পাইলোনিডাল সাইনাস আর কোষ্ঠকাঠিন্য। কোন রোগে কোন চিকিৎসা, তা ওপরের টেবিলের লিংকগুলোতে আছে।
ডাক্তারকে যা বলবেন
ডাক্তারের কাছে যাওয়ার আগে কয়েক দিন এগুলো লিখে রাখলে কারণ বের করা সহজ হয়:
- ব্যথা কবে শুরু হয়েছে;
- পায়খানার সময় হয়, নাকি সারাক্ষণ;
- ব্যথা কেমন: কেটে যাওয়ার মতো, দপদপে, ভোঁতা চাপ, নাকি খিঁচুনি;
- একবারে কতক্ষণ থাকে; বসলে বাড়ে কি না;
- সাথে রক্ত, পুঁজ, গুটি, চুলকানি বা জ্বর আছে কি না;
- কোন মলম বা ওষুধ এর মধ্যে ব্যবহার করেছেন;
- আগে মলদ্বারে কোনো অপারেশন বা ফোড়া হয়েছিল কি না।
মহিলাদের ক্ষেত্রে
গর্ভাবস্থায় আর স্বাভাবিক প্রসবের পর ফিশার ও পাইলস বেশি দেখা যায়। প্রসবের পর লেজের হাড়ের ব্যথাও (কক্সিডাইনিয়া) হতে পারে। লজ্জায় অনেকে চুপ থাকেন, কিন্তু এগুলো সাধারণ সমস্যা এবং চিকিৎসা আছে। গর্ভাবস্থায় কোনো মলম বা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করুন।
সচরাচর জিজ্ঞাসা
মলদ্বারে ব্যথা কিসের লক্ষণ?
সবচেয়ে বেশি দেখা যায় এনাল ফিশার, পাইলস, ফোড়া আর কোষ্ঠকাঠিন্যে। কম দেখা যায় ফিস্টুলা, প্রোকটাইটিস, পেশির খিঁচুনি (প্রক্টালজিয়া ফিউগ্যাক্স), সংক্রমণ আর খুব কম ক্ষেত্রে ক্যান্সারে। ব্যথার ধরন দেখে আন্দাজ করা যায়, নিশ্চিত হতে পরীক্ষা লাগে।
মলদ্বারে ব্যথা হলে কি ওষুধ খেতে হবে?
সব সময় নয়। হালকা ব্যথায় মল নরম রাখা, কুসুম গরম পানিতে বসা আর প্রয়োজনে প্যারাসিটামলেই অনেকে আরাম পান। কিন্তু ব্যথার কারণ অনুযায়ী চিকিৎসা আলাদা। ফোড়া হলে মলম বা ট্যাবলেটে সারে না, পুঁজ বের করে দিতে হয়। তাই কয়েক দিনে না কমলে ডাক্তার দেখান।
পাইলস হলে কি ব্যথা হয়?
ভেতরের পাইলসে সাধারণত ব্যথা হয় না, মূল লক্ষণ পায়খানার পর ব্যথাহীন উজ্জ্বল লাল রক্ত। বাইরের পাইলসে রক্ত জমাট বাঁধলে হঠাৎ খুব ব্যথা হয়। পায়খানার সময় তীক্ষ্ণ ব্যথা হলে পাইলসের চেয়ে ফিশার বেশি সম্ভব।
বসলে মলদ্বারে ব্যথা বাড়ে কেন?
ফোড়া বা ফিস্টুলায় বসলে দপদপে ব্যথা বাড়ে। পাইলোনিডাল সাইনাসে ফোলার কারণে বসতে কষ্ট হয়। আবার লেভেটর এনাই সিনড্রোমে অনেকক্ষণ বসে থাকলে ভোঁতা চাপের মতো ব্যথা বাড়ে আর দাঁড়ালে কমে। সাথে ফোলা বা জ্বর থাকলে দ্রুত ডাক্তার দেখান।
মলদ্বারে ব্যথা কি ক্যান্সারের লক্ষণ?
বেশির ভাগ ক্ষেত্রে নয়। মলদ্বারে ব্যথা সাধারণত ফিশার, পাইলস বা ফোড়ার মতো সাধারণ কারণে হয়। তবে ব্যথা না সারলে, বা সাথে পায়খানার অভ্যাস বদল, রক্ত যাওয়া বা ওজন কমা থাকলে পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া দরকার।
কত দিন ব্যথা থাকলে ডাক্তার দেখাব?
কয়েক দিনেও ব্যথা না কমলে ডাক্তার দেখান। ব্যথা তীব্র হলে, রক্ত গেলে, বা জরুরি বাক্সের কোনো লক্ষণ থাকলে অপেক্ষা না করে সেদিনই দেখান।
ঘরোয়া উপায়ে কি মলদ্বারের ব্যথা সেরে যায়?
অনেক ক্ষেত্রে যায়। নতুন ফিশারের বেশির ভাগ নিজের যত্নেই সেরে যায়, আর পাইলসের ব্যথা প্রায়ই কয়েক দিনে কমে। কিন্তু ফোড়া আর ফিস্টুলা নিজে নিজে সারে না, এগুলোতে ডাক্তারের চিকিৎসা লাগে।
আরও পড়ুন: পায়খানার সময় ব্যথা ও রক্তপাত: পাইলস নাকি অন্য কোনো সমস্যা? · পায়ুপথে রক্তপাতের চিকিৎসা · Burning after passing stool (English)
তথ্যসূত্র
- NHS. Anal pain.
- NHS 111 Wales. Anal pain.
- Cleveland Clinic. Anal Pain: What It Is, Causes & Treatment.
- Knowles CH, Cohen RC. Chronic anal pain: A review of causes, diagnosis, and treatment. Cleveland Clinic Journal of Medicine. 2022;89(6):336-343.
- Cleveland Clinic. Proctalgia Fugax.
- NHS. Anal fissure.
- NHS. Piles (haemorrhoids).
- NHS. Anal fistula.
- Cleveland Clinic. Perianal Abscess.
- NHS. Pilonidal sinus.
- NHS. Symptoms of bowel cancer.
- Cleveland Clinic. Anal Fissures.
- Cleveland Clinic Journal of Medicine. Hemorrhoids: A range of treatments. 2019;86(9):612.
- NHS. Piles in pregnancy.
- NIDDK. Proctitis.
- The Orchard Surgery (NHS). Anal pain.
লিখেছেন মো. সালাউদ্দিন বিশ্বাস
হেলথকেয়ার ওয়েবসাইট ও এসইও কনসালট্যান্ট এবং মেডিকেল অ্যানথ্রোপলজিস্ট (হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত; ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট), ঢাকায় থাকেন। তিনি এই ওয়েবসাইটের রোগী-গাইডগুলো লেখেন। মেডিকেল লেখাগুলো ডা. মুহাম্মদ নজরুল ইসলাম যাচাই করেন; প্রতিটি লেখায় রিভিউয়ের তারিখ দেওয়া থাকে।
ডাক্তার দেখাতে চান?
কল বা হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা বলুন। সহকারী বনশ্রী বা হাতিরপুল চেম্বারে ঢাকার কোলোরেক্টাল সার্জন ডা. মুহাম্মদ নজরুল ইসলাম-এর সাথে সময় ঠিক করে দেবেন।
মেডিকেল ডিসক্লেইমার
এই লেখা রোগীদের সাধারণ তথ্যের জন্য। এটা যোগ্য ডাক্তারের পরামর্শ, রোগনির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়। বেশি রক্তপাত, তীব্র ব্যথা, জ্বর বা খুব অসুস্থ লাগলে দেরি না করে হাসপাতালের জরুরি বিভাগে যান।




